এটা আমি কী করলাম—জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব হয়তো এটা ভেবেই এখন কপাল চাপড়াচ্ছেন। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে আজ যেখানে অস্ট্রিয়ার সঙ্গে দাপট দেখিয়ে খেলছিল জর্ডান, সেখানে আত্মঘাতী গোলটাই এগিয়ে দিয়েছে অস্ট্রিয়া। আর শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে ৩-১ গোলে জিতেছে ইউরোপের এই দল।
ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়ার রক্ষণদুর্গে বারবার হানা দিতে থাকেন জর্ডানের ফুটবলাররা। ২ মিনিটে জর্ডান ডিফেন্ডার এহসান হাদ্দাদ ডান পায়ে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৯ মিনিটে দলটির ফরোয়ার্ড মুসা আল-তামারি ফের গোলের চেষ্টা করেন।
তবে তাঁর শট প্রতিহত করেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। ১১ মিনিটে এরপর প্রতি আক্রমণে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা গোলের চেষ্টা করেও সফল হননি।
১৭ মিনিটে জর্ডান ফরোয়ার্ড ওদাই আল-ফাখুরি অস্ট্রিয়ার লক্ষ্য বরাবর শট নিলেও তা প্রতিহত করেছেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। আক্রমণ-প্রতি আক্রমণে প্রথম গোল করে অস্ট্রিয়া। ২১ মিনিটে জাভার শ্লাগারের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোমানো শ্মিড।
জর্ডান এরপর সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করলেও অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার বারবার তা ফিরিয়ে দিয়েছেন। আর প্রথমার্ধের শেষের দিকে এসে মুসা আল তামারি একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।